
শাহীন শহীদ:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই নগ্ন ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
গত কয়েকদিন ধরেই পরিকল্পিত অপপ্রচার ও বিভ্রান্তি করেই চলেছে ষড়যন্ত্রকারীরা। ফেসবুকে বিভিন্ন বিতর্কিত ও বেনামি আইডি থেকে গোলাম রসুল রাজার ছবি ব্যবহার করে একটি মনগড়া অডিও ক্লিপ ও কথোপকথন ছড়িয়ে দেওয়া হয়। যা এ আই দিয়ে তৈরি করা।
নাগেশ্বরী উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অডিওতে ব্যবহৃত কণ্ঠস্বর এবং নামগুলো মূলত কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইউনিয়ন পর্যায়ের কর্মীদের। গোলাম রসুল রাজার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করতে প্রযুক্তির সহায়তায় এই ষড়যন্ত্রমূলক নকশা সাজানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজাকে নিয়ে যে ধরনের নোংরা ও নগ্ন মিথ্যাচার করা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। তিনি আরো বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এর পেছনে জড়িত, তাদের খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
দলীয় সূত্র জানিয়েছে, এই অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের এ ধরনের গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনায় বিরাজ করছে।
ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, উপজেলা আহবায়কের বিরুদ্ধে অপপ্রচার কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা অপপ্রচারকারীদের প্রতিহত করার ঘোষণা দেন।