
শাহীন শহীদঃ
যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইসলাামী আদর্শ বাস্তবায়নের জন্য হাতপাখা মার্কায় ভোট দিবেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী ) আসনের নির্বাচনি প্রচারণার এক জনসভায় এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স। সেই বাক্সটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বাক্স। যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা দেশকে ভালোবাসি, যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই—সেই মা-বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।’
অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মুফতি রেজাউল করীম বলেন, ‘ইসলামি অনুশাসনে যদি দেশ পরিচালনা না করবেন, তবে চব্বিশের জুলাই আন্দোলনের কী দরকার ছিল? তিনি বলেন, চাঁদাবাজদের ভোট না, যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনির সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি এবং জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিকেলে মুফতি রেজাউল করীম কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী এবং কুড়িগ্রাম-২ আসনের কুুড়িগ্রাম সদর, এবং কুুড়িগ্রাম -৩ আসনে উলিপুরেও বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরীর সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।