শাহীন শহীদ - কুুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে উপজেলায় পৃথক দুটি ঘটনায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়ায় ও রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় তথ্যে জানা যায় রাজারহাট উপজেলায় নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বাড়ির সামনে গাছ লাগাতে গেলে আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৪৫) বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তির সময় ধাক্কা খেয়ে মধু শীল পাশে নলকূপের পাকা অংশে পড়ে গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।
রাজারহাট থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।
অন্যদিকে, নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তার বিমাতা ভাই মো. রফিকুল ইসলাম ও বোন মোছা. আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জমি নিয়ে অনুষ্ঠিত পারিবারিক বৈঠকের একপর্যায়ে ধাক্কা দিলে শহিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫০), মোছা. আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও মো. রাব্বী মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
নাগেশ্বর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ বলেন- ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক