শাহীন শহীদঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের চাচাত ভাই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা ৮ নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষ হলো নূর মোহাম্মদ ও মানিক মুন্সি (আপন ভাই) এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমান (আপন ভাই)। নিহতরা হলেন আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় নিহত আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহতদের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাটারী গ্রামের মানিক মুন্সি ও নুর মোহাম্মদ এবং আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে একই দাগের ১৬ শতক জমি কেনার উদ্দেশে মালিককে টাকা দেন। কিন্তু কোনো পক্ষই জমির রেজিস্ট্রি করে নেয়নি। দলিল না করে জামিটি দখলে নেয় মানিক মুন্সি ও নুর মোহাম্মদ পক্ষ। এ নিয়ে আলতাফ হোসেন ও আজিজার রহমান পক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি।
রবিবার সকাল ১১ টার দিকে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে জমিটি দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ লাঠি ও দেশিয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) ও বোন কুলছুম বেগম (৫০)। গুরুতর আহত আলতাফ হোসেনকে (৫৫) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
সংঘর্ষে গুরুতর আহত হন নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৮ জন। আহতরা হলেন, মানিক মুন্সি (৬০), নুর মোহাম্মদ, নিহত এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মঞ্জু (৩৫), জোবায়দুর (৪৫), সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২)। তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রেজাউল করিম রেজা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলাা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক