
জেলা প্রতিনিধি ঃ কুুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক জেলা বিএনপি নেতা সাইফুর রহমান রানা ও তরুণ নেতা ডা. ইউনুছের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগের দিনর কথা কাটাকাটির জের ধরে বর্তমান রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপের নেতৃত্বে সংঘর্ষ হয়।
অভিযোগে বলা হয়, ২ অক্টোবর সন্ধ্যায় চেয়ারম্যান দ্বীপের নেতৃত্বে রায়গঞ্জ ইউনিয়নের যুবদল নেতা রবিউল ইসলাম রনি ও খাইরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে তাদের দ্বীপের বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে স্বজনরা ছুটে এলে পুনরায় হামলা হয়। এতে চেয়ারম্যান দ্বীপের আঘাতে ছাত্রদল নেতা আরিফ সরকারের পায়ের রগ কেটে যায় এবং মজিবর রহমান (৬৭) ও জাকির হোসেন ফজু (৫০) গুরুতর আহত হয়।
আহতরা হলেন—মজিবর রহমান (৬৭), ছাত্রদল নেতা আরিফ (২৫), খায়রুল (৩২), যুবদল নেতা রবিউল ইসলাম রনি (৩৪) ও জাকির হোসেন ফজু (৫০)। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।