
জেলা প্রতিনিধি – কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার মর্মান্তিক ঘটনার এক যুগ পর ফেলানীর ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। আগামী ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফের গুলিতে প্রাণ হারায় ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহের হৃদয়বিদারক ছবি দেশ-বিদেশে আলোড়ন তোলে। সেই ফেলানীর ছোট ভাই আজ বিজিবিতে যোগদান করায় পরিবারের মধ্যে নতুন আশার আলো জেগে উঠেছে।
লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন,- “বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে আছে। তার ভাই যোগ্যতার মাধ্যমে বিজিবিতে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন দক্ষ সদস্য হয়ে সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করবেন।”তিনি আরও বলেন, “ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর কখনও না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে সতর্ক রয়েছে।”